বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত কিন্তু এখনো এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীসংখ্যা ও প্রতিষ্ঠানের বিভিন্ন জটিলতার কারণে যারা এমপিও সুবিধা পাননি, তাদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় সুপারিশ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়। বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) সাইয়েদ এ জেড মোরশেদ, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার পরও নানা কারণে অনেক শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি। এ অবস্থায় চলতি মার্চ মাস থেকে মাঠ পর্যায়ে তাদের তথ্য সংগ্রহ শুরু করা হবে।
তিনি বলেন, তথ্য সংগ্রহের মাধ্যমে কারা এবং কী কারণে এমপিওভুক্ত হতে পারেননি তা নির্ধারণ করা হবে। এরপর যেসব ক্ষেত্রে প্রতিষ্ঠানের জটিলতার কারণে শিক্ষকরা এমপিও সুবিধা পাননি, তাদের অন্য প্রতিষ্ঠানে নিয়োগের জন্য পুনরায় সুপারিশ করবে এনটিআরসিএ।
এই শিক্ষকদের কোথায় সুপারিশ করা হবে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, প্রথমে সংশ্লিষ্ট শিক্ষকের নিজ জেলায় সুপারিশ করার চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলে নিকটবর্তী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশ করা হবে। পুরো প্রক্রিয়াটি এনটিআরসিএ বাস্তবায়ন করবে।
Leave a Reply