চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের গার্মেন্টস কারখানা স্থাপনে ১৫.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কম্পানি লিমিটেডের মধ্যে রবিবার (৮ মার্চ) বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ফ্লারিশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল উপস্থিত ছিলেন।
নতুন কারখানাটি বার্ষিক ৪০ লাখ পিস ফ্লিজ জ্যাকেট, সফট শেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, কটন কোট, লেদার জ্যাকেট, আন্ডারওয়্যার, টি-শার্ট, পলো শার্ট, শর্টস, পার্কাস, কোট, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, উইন্ডপ্রুফ জ্যাকেট, ফিশিং স্যুট, হাইকিং স্যুট, ইয়োগা স্যুট, রানিং স্যুট, জিন্স, নিটেড স্যুট, ফোক্স লেদার ক্লথিং, ডিয়ার স্কিন ভেলভেট ক্লথিং, গলফ ক্লথিং এবং ক্যাজুয়াল শার্ট উৎপাদন করবে। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রায় ১,৯৮৮ জন বাংলাদেশি নাগরিককে কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন বিনিয়োগকারীকে বেপজা পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানান এবং নির্বিঘ্নে ও সফলভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে বেপজা অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন জোন তৈরি করছে, যা দেশের রপ্তানিমুখী শিল্পভিত্তিকে আরো শক্তিশালী করবে।”
তিনি আরো বলেন, নতুন বিনিয়োগকারী বেপজার বিভিন্ন জোনে আরো উচ্চমানের বিনিয়োগকারীদের আকৃষ্ট এবং উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যাতে বাংলাদেশের টেকসই শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণ আরো গতিশীল হয়।
Leave a Reply